সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় বেলা ৩টার দিকে রিয়াদ-মক্কা মহাসড়ক-এ এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ফরিদপুরের সালথা উপজেলার বাসিন্দা তানিয়া তাহমিনা রিনা (৪৫), তার ছেলে তাসবিক (২০) এবং মেয়ে জারা (১৫)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন রিনার স্বামী শফিকুল ইসলাম খোকন ও তাদের বড় ছেলে নাবিল। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
পারিবারিক সূত্রে জানা গেছে, রিয়াদ থেকে মক্কা-র উদ্দেশে নিজস্ব প্রাইভেট কারে করে রওনা হয় পরিবারটি। পথিমধ্যে প্রায় ৩০০ কিলোমিটার অতিক্রম করার পর পেছন থেকে আসা একটি দ্রুতগামী বড় যানবাহন তাদের গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মা ও তার দুই সন্তান নিহত হন।
একই পরিবারের তিন সদস্যের আকস্মিক মৃত্যুতে ফরিদপুরের সালথা এবং কিশোরগঞ্জের ভৈরব এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যেও গভীর শোক বিরাজ করছে।