সরকারি উন্নয়ন প্রকল্পে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে ফরিদপুরের সালথা উপজেলা প্রশাসন। তিনটি খাল পুনঃখনন প্রকল্পের কাজ নির্ধারিত মান বজায় রেখে শেষ করার পর অব্যয়িত ৭৩ লাখ ৩৬ হাজার ৩৬৫ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসনের এই উদ্যোগের নেতৃত্ব দেন ইউএনও দবির উদ্দিন।
তিনি জানান, সরকারি অর্থ জনগণের আমানত। তাই প্রকল্পের প্রতিটি ধাপে স্বচ্ছতা, জবাবদিহিতা ও ব্যয়ের যৌক্তিকতা নিশ্চিত করা হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আটঘর, রামকান্তপুর ও সোনাপুর ইউনিয়নের তিনটি খাল পুনঃখননে ১ কোটি ৬৭ লাখ ৪৯ হাজার ৪০৯ টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পের আওতায় ৪ দশমিক ৫৩৫ কিলোমিটার খাল পুনঃখনন করা হয়েছে। কাজ শেষে শ্রমিক মজুরি, যন্ত্রপাতি ও অন্যান্য ব্যয় পরিশোধের পর অবশিষ্ট অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা প্রশাসনের এ উদ্যোগের প্রশংসা করে বলেছেন, সরকারি অর্থের সঠিক ব্যবহার ও অপচয় রোধে এটি একটি অনুকরণীয় দৃষ্টান্ত।