৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

শাপলা গণহত্যা মামলার তদন্ত সম্পন্ন; প্রধান আসামি শেখ হাসিনা

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত কার্যক্রম সম্পন্ন হয়েছে।

বুধবার (৮ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, দীর্ঘ তদন্তে প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি, ভিডিও ফুটেজ ও আলোকচিত্রসহ গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ সংগ্রহ করা হয়েছে। বর্তমানে তদন্ত প্রতিবেদনের খসড়া যাচাই-বাছাই চলছে। আইনি প্রক্রিয়া শেষে দ্রুতই এটি আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হবে।

এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। আসামির তালিকায় আরও রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার, হারুন-অর-রশিদ (ডিবি হারুন) এবং সাংবাদিক মোজাম্মেল বাবুসহ প্রায় ৩০ জন।

আগামী ২১ জুলাই ট্রাইব্যুনালের অবকাশকালীন ছুটি শেষে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হবে। ওই সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন হাতে পেলে প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগপত্র (ফরমাল চার্জ) দাখিল করবে। যাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে, তাদের বিচার নিশ্চিত করাই এই প্রক্রিয়ার লক্ষ্য বলে জানান প্রসিকিউটর।

Home R3