ইসরাইলের সংসদ নেসেটে মসজিদের লাউডস্পিকার বা মাইকের ব্যবহার নিষিদ্ধ করার লক্ষ্যে একটি বিতর্কিত বিলের প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে। দেশটির উগ্র-ডানপন্থী রাজনৈতিক দল ওতজমা ইহুদিত এই প্রস্তাবটি উত্থাপন করে।
প্রস্তাবিত আইনের খসড়া অনুযায়ী, ইসরাইলের মসজিদসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে সরকারি বিশেষ অনুমতি ছাড়া কোনো ধরনের লাউডস্পিকার বা পাবলিক অ্যাড্রেস সিস্টেম স্থাপন ও ব্যবহার নিষিদ্ধ করা হবে।
এছাড়া, কোনো উপাসনালয়ে এই নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠলে ইসরাইলি পুলিশকে সরাসরি সেখানে প্রবেশ করে মাইক বন্ধ করার ক্ষমতা দেওয়া হবে। একই সঙ্গে আইন অমান্য অব্যাহত থাকলে সংশ্লিষ্ট স্থাপনার মাইক ও সাউন্ড সিস্টেম বাজেয়াপ্ত করার বিধানও রাখা হয়েছে।
আইনটি লঙ্ঘন করলে প্রথমবারেই সর্বোচ্চ ৫০ হাজার শেকেল পর্যন্ত জরিমানার প্রস্তাব রয়েছে।
নেসেটে প্রাথমিক ভোটাভুটিতে বিলটির পক্ষে ৫০টি এবং বিপক্ষে ৩৬টি ভোট পড়ে। তবে এটি চূড়ান্ত আইন হিসেবে কার্যকর হতে হলে আরও তিন দফা আলোচনা ও ভোটাভুটির মাধ্যমে পাস হতে হবে।
সূত্র: মিডল ইস্ট আই