৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

১৪০টি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ: স্বাস্থ্যমন্ত্রী

দেশের ওষুধ বর্তমানে বিশ্বের ১৪০টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, এটি বাংলাদেশের স্বাস্থ্যখাতের সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

সোমবার (৮ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্থানীয়ভাবে ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা অর্জন করা গেলে দেশের ওষুধ রপ্তানির পরিসর আরও বিস্তৃত হবে।

তিনি আরও জানান, হামের টিকা নেওয়া শিশুদের শরীরে এন্টিবডি তৈরি হতে জুন মাস পর্যন্ত সময় লাগবে। সরকার হাম রোগকে শূন্যের কোঠায় নামিয়ে আনতে চায় এবং সে লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ-দ্বীন হাসপাতালকে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে আরও ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। এর আগে প্রাথমিক তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির প্রমাণ পাওয়ায় লাইসেন্স কেন বাতিল করা হবে না, সে বিষয়ে ৭২ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়েছিল। পরবর্তীতে সময় বাড়ানোর আবেদন করলে অতিরিক্ত ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়।

এছাড়া সারা দেশে আন্দোলনরত চিকিৎসকদের দাবির গ্রহণযোগ্যতা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, বিগত সরকারের সময় স্বাস্থ্যসেবার সরঞ্জামে বড় ধরনের সংকট তৈরি হয়েছে।

Home R3