২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সীমান্ত পাহারার চেয়েও বড় চ্যালেঞ্জ সাইবার নিরাপত্তা : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সময়ে হাজার মাইল সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা গুরুত্বপূর্ণ। তিনি তথ্য ব্যবস্থাপনায় মহাপরিকল্পনার প্রয়োজনীয়তার পাশাপাশি গুজব ও তথ্য বিভ্রান্তি মোকাবিলার ওপরও গুরুত্বারোপ করেন।

বর্তমান যুগে হাজার মাইলের সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার সকালে খিলগাঁওয়ে আনসার সদরদপ্তরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিজস্ব মিডিয়া ‘প্রান্তিক কণ্ঠস্বর’– এর উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমানে নিরাপত্তার ধারণা গুণগতভাবে পাল্টে গেছে। মাইলের পর মাইল পাহারা দেওয়ার থেকেও এখন সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ।যুদ্ধ, নিরাপত্তা ও প্রতিরক্ষা শুধু সীমান্তের বিষয় নয়, তথ্য ব্যবস্থাপনাও গুরুত্বপূর্ণ। মানুষকে সঠিক তথ্য পৌঁছে দিতে তথ্য ব্যবস্থাপনায় মহাপরিকল্পনা প্রয়োজন।

তথ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আজ ৬০ লাখের বেশি সদস্যের একটি বিশাল পরিবার। ব্যাটালিয়ন আনসার, অঙ্গীভূত আনসার, গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) এবং নগর প্রতিরক্ষা দল (টিডিপি) দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, জাতীয় ও স্থানীয় নির্বাচন, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। তাদের এই নীরব আত্মত্যাগ ও সাফল্যের গল্প জনগণের সামনে তুলে ধরা অত্যন্ত প্রয়োজন মন্ত্য করে তিনি আশা প্রকাশ করেন, “প্রান্তিক কণ্ঠস্বর” সেই দায়িত্ব সফলভাবে পালন করবে।

এ সময় সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, মানুষকে গুজব ও তথ্য বিভ্রান্তি থেকে রক্ষা করা জরুরি। এ বিষয়ে আনসার ভিডিপির অনলাইন মিডিয়া প্রান্তিক কণ্ঠস্বর ইতিবাচক ভূমিকা রাখবে বলেও আশা করি।

Home R3