৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রবাস

মালয়েশিয়ার জোহরে তিন কারখানায় অভিযান; আটক ১৫৫ বাংলাদেশিসহ ২৩৪ বিদেশি

মালয়েশিয়ার জোহরে তিন কারখানায় অভিযান; আটক ১৫৫ বাংলাদেশিসহ ২৩৪ বিদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পৃথক অভিযানে তিনটি কারখানা থেকে ১৫৫ বাংলাদেশিসহ ২৩৪ বিদেশি শ্রমিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)। বৈধ কাগজপত্র না থাকা, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান এবং অনুমোদিত পাস বা পারমিটের অপব্যবহারের অভিযোগে তাদের আটক করা হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মুয়ারের পারিত জামিল এলাকায় দুটি আসবাবপত্র কারখানায় দুই ঘণ্টার অভিযানে ১৭৬ জন পুরুষ শ্রমিককে আটক করা হয়। তাদের মধ্যে ১৪৭ জন বাংলাদেশি, ২৭ জন নেপালি, দুজন চীনা ও একজন মিয়ানমারের নাগরিক। এ সময় দুই স্থানীয় নারী ব্যবস্থাপককেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

অন্যদিকে, বাতু পাহাতের একটি কাঠের কারখানায় অভিযানে ৭ নারীসহ ৫৮ বিদেশি শ্রমিক আটক হন। তাদের মধ্যে ২৪ জন মিয়ানমারের, ১৬ জন ভারতের, আটজন বাংলাদেশের, সাতজন চীনের, দুজন নেপালের এবং একজন পাকিস্তানের নাগরিক।

আটক শ্রমিকদের বয়স ২০ থেকে ৫০ বছর। তাদের জোহরের পেকান নানাস ও পন্তিয়ানের ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে পাঠানো হয়েছে। ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯-এর বিভিন্ন ধারায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Home R3