২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ১৪

ভারতের উত্তরপ্রদেশের লখনউ শহরের আলীগঞ্জ এলাকায় একটি বহুতল ভবনে অবস্থিত কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২২ জুন) বিকালে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন।

আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ভবনের ভেতরে বহু মানুষ আটকা পড়ে যান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় দেখা গেছে, প্রাণ বাঁচাতে অনেক শিক্ষার্থী প্রথম তলা থেকে নিচে লাফিয়ে পড়েন। আগুন থেকে রক্ষা পেতে গিয়ে একজনকে নিচে পড়ে যেতেও দেখা যায়।

ঘটনাস্থলটি একটি ব্যস্ত বাণিজ্যিক এলাকা। বহুতল ভবনটিতে কোচিং সেন্টারের পাশাপাশি একটি পোষা প্রাণীর দোকান এবং আরও কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ছিল। আগুন লাগার পরপরই এলাকায় তীব্র আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পরে উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে অন্তত ১৪টি মরদেহ উদ্ধার করেন।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে প্রতিটি পরিবারকে ২ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।

অগ্নিকাণ্ডের সঠিক কারণ অনুসন্ধানে প্রশাসন তদন্ত শুরু করেছে।

সূত্র: এনডিটিভি