২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বাড়ল সয়াবিন তেলের দাম

দেশে ভোজ্যতেলের বাজারে আবারও মূল্য বৃদ্ধি করা হয়েছে। বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণের ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একইসঙ্গে খোলা সয়াবিন তেলের দামও লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৭৯ টাকা করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে সচিবালয়ে ভোজ্যতেলের মূল্য পর্যালোচনা সংক্রান্ত বৈঠক শেষে এ ঘোষণা দেন তিনি। নতুন এ দাম তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে বলে জানানো হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি এবং আমদানি প্রক্রিয়ায় অতিরিক্ত ব্যয় বৃদ্ধির কারণে এই মূল্য সমন্বয় করা হয়েছে। তবে আমদানিকারক ও রিফাইনারদের দাবির প্রেক্ষিতে আংশিক সমন্বয় করা হলেও তাদের সব দাবি পূরণ করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, ভবিষ্যতে উৎস পর্যায়ে ভোজ্যতেলের দাম কমলে দেশের বাজারেও পুনরায় মূল্য সমন্বয় করা হবে।

এছাড়া পাম অয়েলের দামও লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৭৫ টাকা থেকে ১৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে।