লক্ষ্মীপুরের রায়পুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা আনোয়ার হোসেনসহ আটজনের বিরুদ্ধে মামলা হয়েছে। একই ঘটনায় তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
রোববার (৩১ মে) দুপুরে ভুক্তভোগী যুবদল নেতা রুহুল আমিন মিঝি রায়পুর থানায় সাইবার সুরক্ষা আইন ও দণ্ডবিধিতে মামলাটি দায়ের করেন।
এর আগে শনিবার (৩০ মে) রাতে স্থানীয়রা উপজেলার সোনাপুর এলাকার নিজ বাড়ি থেকে আনোয়ার হোসেনকে আটক করে পুলিশে দেয়। এ সময় তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছে এনসিপি।
মামলার অভিযোগে বলা হয়, আনোয়ার হোসেন তার ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ও পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য প্রচার করেন। পাশাপাশি একটি ছবিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম লিখে পায়ের নিচে রাখার বিষয়টি প্রকাশ করেন বলে উল্লেখ করা হয়।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে ভুক্তভোগী পক্ষ বিষয়টি জানতে চাইলে তাদের ওপর হামলা চালানো হয় এবং শ্বাসরোধ করে হত্যাচেষ্টার অভিযোগও আনা হয়েছে।
অন্যদিকে এনসিপির জেলা কমিটির এক নেতা দাবি করেন, প্রায় দুই হাজার লোক নিয়ে আনোয়ারের বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে এবং পরে তাকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
রায়পুর থানার ওসি শাহীন মিয়া জানান, মামলার পর আনোয়ার হোসেনকে আদালতে পাঠানো হয়েছে এবং আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।