শিক্ষক বা অন্য পেশার কারও সাংবাদিকতা করার সুযোগ নেই: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

শিক্ষক কিংবা অন্য পেশায় কর্মরত ব্যক্তিদের একই সঙ্গে সাংবাদিকতা করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।

তিনি বলেন, সাংবাদিকতা একটি স্বতন্ত্র ও দায়িত্বশীল পেশা। অন্য পেশার সঙ্গে যুক্ত থেকে একই সময়ে সাংবাদিকতা করা পেশাগত শৃঙ্খলা ও নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

বুধবার (২১ অক্টোবর) সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা পরিষদ হলরুমে তেঁতুলিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেন, সাংবাদিকতায় যুক্ত ব্যক্তিদের সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই, ঘটনার সত্যতা নিশ্চিত করা, নিরপেক্ষতা বজায় রাখা এবং জনগণের কাছে সঠিক তথ্য তুলে দেওয়ার দায়িত্ব পালন করতে হয়। তাই সাংবাদিকদের পেশাগত আচরণবিধি ও নীতিমালা মেনে চলা জরুরি।

শিক্ষকদের প্রসঙ্গে তিনি বলেন, তারা সরকারের বেতনভুক্ত। তাই শিক্ষকতার পাশাপাশি অন্য পেশা বা সাংবাদিকতা করার সুযোগ নেই। সাংবাদিকতার পরিচয় শুধু পদবি বা পরিচয়পত্রের মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে দায়িত্বশীলতা ও পেশাগত শৃঙ্খলার বিষয়ও জড়িত।

প্রেস কাউন্সিল চেয়ারম্যান বলেন, বর্তমানে বিভিন্ন পেশায় নিয়োজিত অনেকেই সাংবাদিকতার পরিচয় ব্যবহার করছেন বলে অভিযোগ রয়েছে। কেউ শিক্ষকতা করছেন, কেউ ব্যবসা করছেন, আবার কেউ অন্য পেশায় যুক্ত থেকেও সাংবাদিকতার পরিচয় ব্যবহার করছেন। এ ধরনের দ্বৈত পেশা সাংবাদিকতার পেশাগত স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি করতে পারে।

Home R3