২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বড় অংকের নোট ব্যবহারে সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ ব্যাংকের

পবিত্র ঈদ-উল-আযহা সামনে রেখে দেশজুড়ে বড় অংকের নোট ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (২৮ এপ্রিল) প্রকাশিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদকে কেন্দ্র করে সারাদেশে অর্থ লেনদেন—বিশেষ করে পশু ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে—বড় অংকের নোটের ব্যবহার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। এ সময় জাল নোট ছড়িয়ে পড়ার ঝুঁকিও বেড়ে যায়।

জাল নোট প্রতিরোধে সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি উল্লেখ করে কেন্দ্রীয় ব্যাংক কয়েকটি নির্দেশনা দিয়েছে। এর মধ্যে রয়েছে— বড় মূল্যমানের (১০০০, ৫০০, ২০০ ও ১০০ টাকা) নোট গ্রহণ বা প্রদানের সময় জলছাপ, নিরাপত্তা সুতা, রং পরিবর্তনশীল কালি ও অসমতল ছাপার মতো নিরাপত্তা বৈশিষ্ট্য যাচাই করা।

এছাড়া জাল নোট শনাক্তে নিকটস্থ তফসিলি ব্যাংক বা অনুমোদিত পশুর হাটে স্থাপিত অস্থায়ী ব্যাংক বুথের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ব্যাংক বা অনুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে লেনদেন করা এবং অপরিচিত বা সন্দেহজনক উৎস থেকে অর্থ গ্রহণ বা প্রদান না করারও নির্দেশনা দেওয়া হয়েছে।

ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি অন্যদেরও সচেতন করার ওপর গুরুত্বারোপ করেছে বাংলাদেশ ব্যাংক।

এছাড়া আসল নোটের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে, https://www.bb.org.bd/en/index.php/currency/note – এই ওয়েবসাইটে ভিজিট করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

Home R3