২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, প্রাণ গেলো ৩ শিক্ষার্থীর

ফিলিপাইনের মধ্যাঞ্চলে একটি মাধ্যমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় তিনজন শিক্ষার্থী নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও সাতজন।

সোমবার (২২ জুন) সকালে লেইতে প্রদেশের তাকলোবান শহরের সান হোসে ন্যাশনাল হাইস্কুলে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, স্থানীয় সময় সকাল ৯টার দিকে দুই কিশোর শিক্ষার্থী হঠাৎ গুলিবর্ষণ শুরু করলে পুরো স্কুলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অভিযুক্তদের বয়স ১৪ ও ১৫ বছর। হামলার পরপরই তাদের ঘটনাস্থল থেকে আটক করা হয় এবং বর্তমানে জিজ্ঞাসাবাদ চলছে। তারা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় অভিভাবকদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, গুলির শব্দে আতঙ্কিত শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের ভেতরে আশ্রয় নেওয়ার জন্য ছুটে যায়। ভিডিওতে তাদের কান্না ও চিৎকার শোনা যায়।

পুলিশ কর্মকর্তা লেফটেন্যান্ট ইভালিন দিয়াজ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— সহপাঠীদের বুলিং বা নির্যাতনের শিকার হওয়ার প্রতিক্রিয়ায় এই হামলা ঘটতে পারে। তবে বিষয়টি এখনো তদন্তাধীন।

তিনি আরও জানান, হামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং কীভাবে তা স্কুলে আনা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। অস্ত্রগুলো জব্দের প্রক্রিয়াও চলছে।

উল্লেখ্য, ফিলিপাইনে রাজনৈতিক সংঘাত ও সশস্ত্র সহিংসতার ঘটনা ঘটলেও শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের হামলা তুলনামূলকভাবে বিরল।

সূত্র: আলজাজিরা