২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রাইভেটকারেও তেল নিতে লাগবে ফুয়েল পাস

মোটরসাইকেলের পর এবার ব্যক্তিগত গাড়ি (প্রাইভেটকার) চালকদের জন্যও জ্বালানি নিতে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক করা হচ্ছে। এ বিষয়ে অনলাইনে নিবন্ধনের নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

রোববার (২৬ এপ্রিল) মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি বিতরণ ব্যবস্থাকে আরও নিয়ন্ত্রিত ও স্বচ্ছ করতে ‘ফুয়েল পাস’ অ্যাপের কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে। এর আওতায় আজ থেকেই ব্যক্তিগত গাড়িগুলোকে নিবন্ধনের অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রাথমিকভাবে ‘ক’, ‘খ’ এবং ‘গ’ সিরিজের গাড়িগুলোকে ফুয়েল পাসে নিবন্ধনের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য সিরিজের ব্যক্তিগত গাড়িও এই ব্যবস্থার আওতায় আনা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

এছাড়া খুব শিগগিরই রাজধানীর সব ফিলিং স্টেশনে মোটরসাইকেলের পাশাপাশি ব্যক্তিগত গাড়িতেও ফুয়েল পাসের মাধ্যমে জ্বালানি সরবরাহ চালু করা হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে দ্রুত ‘ফুয়েল পাস’ অ্যাপে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

ফুয়েল পাস ডাউনলোড ও নিবন্ধনের জন্য নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে বলা হয়েছে: https://www.fuelpass.gov.bd/