পাকিস্তান-শাসিত আজাদ জম্মু ও কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করেছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি অভিযোগ করেন, পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকা এই অঞ্চল এখনো সন্ত্রাসী অবকাঠামো গড়ে তোলা, প্রশিক্ষণ এবং ভারতশাসিত কাশ্মীরে অনুপ্রবেশের জন্য ব্যবহৃত হচ্ছে।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, ওই অঞ্চলে চীনের সামরিক ও অবকাঠামোগত তৎপরতাও ভারতের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয়।
উপেন্দ্র দ্বিবেদী জানান, ভারত-চীন প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) বরাবর পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল হলেও তা সংবেদনশীল রয়ে গেছে। তিনি বলেন, “স্থিতিশীলতা মানে আত্মতুষ্টি নয়”—সম্ভাব্য যেকোনো হুমকি মোকাবিলায় ভারতীয় সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।
তিনি আরও বলেন, গত এক বছরে কূটনৈতিক ও সামরিক পর্যায়ে যোগাযোগ বৃদ্ধির ফলে সীমান্তে উত্তেজনা কিছুটা কমেছে এবং পারস্পরিক আস্থা আংশিক বেড়েছে। সীমান্ত ব্যবস্থাপনায় নিয়মিত বৈঠক, হটলাইন ও কমান্ডার পর্যায়ের আলোচনার মাধ্যমে স্থানীয় সমস্যার সমাধান করা হচ্ছে।
তবে সীমান্তে অবকাঠামো উন্নয়ন, নজরদারি জোরদার, রসদ সরবরাহ এবং সেনা চলাচলের সক্ষমতা বাড়ানোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
দীর্ঘমেয়াদি কৌশল প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা, সংলাপের মাধ্যমে সমস্যা সমাধান এবং সামরিক প্রস্তুতি শক্তিশালী রাখা—এই তিনটি বিষয়েই ভারত গুরুত্ব দিচ্ছে।
এদিকে, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে বিদেশি তৎপরতা বিশেষ করে চীনের অবকাঠামো উন্নয়ন কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সেনা মোতায়েন, গোয়েন্দা তৎপরতা ও সামরিক প্রস্তুতি বজায় রাখা হয়েছে বলেও জানান তিনি।