১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ইউরোপ

পর্তুগালে বিতর্কিত বোরকা নিষেধাজ্ঞা আইন পাস, প্রশ্ন উঠছে ধর্মীয় স্বাধীনতা নিয়ে

পর্তুগালে বিতর্কিত বোরকা নিষেধাজ্ঞা আইন পাস,  প্রশ্ন উঠছে ধর্মীয় স্বাধীনতা নিয়ে

পর্তুগালের সংসদে জনপরিসরে মুখ ঢাকা নিষিদ্ধ করার লক্ষ্যে আনা বহুল আলোচিত ‘বোরকা আইন’ চূড়ান্ত অনুমোদন পেয়েছে।

শুক্রবার অনুষ্ঠিত চূড়ান্ত সাধারণ ভোটে বিলটির পক্ষে ভোট দেয় পিএসডি, শেগা, ইনিশিয়াতিভা লিবারাল এবং সিডিএস। বিলটির প্রস্তাব উত্থাপন করে শেগা পার্টি। দলটির নেতা আন্দ্রে ভেঞ্চুরার নেতৃত্বে বিষয়টি সংসদে আনা হয়। এর আগে গত সপ্তাহে সাংবিধানিক বিষয়ক কমিটিতেও বিলটি অনুমোদন পায়।

বামপন্থী সংসদ সদস্যদের বিরোধিতা সত্ত্বেও বিলটি পাস হয়। ফল ঘোষণার পর শেগা দলের সংসদ সদস্যরা দাঁড়িয়ে দীর্ঘক্ষণ করতালি দিয়ে সিদ্ধান্তকে স্বাগত জানান। তবে প্যান দলের সংসদ সদস্য ইনেস দে সুসা রিয়াল ভোটদানে অংশ নেননি।

বিলটি নিয়ে বিশেষায়িত কমিটিতে পিএসডি ও শেগার মধ্যে দীর্ঘ আলোচনা হয়। ধর্মীয় স্বাধীনতা নিয়ে সম্ভাব্য সাংবিধানিক জটিলতা এড়াতে পিএসডি প্রস্তাবে কিছু পরিবর্তনের দাবি জানায়। দলটির মতে, বিষয়টি ধর্মীয় পোশাক হিসেবে নয়, বরং জননিরাপত্তা ও জনশৃঙ্খলার দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা উচিত।

২০২৫ সালের অক্টোবরে বিলটি নীতিগত অনুমোদন পাওয়ার পর প্রায় আট মাস বিস্তারিত পর্যালোচনার মধ্যে ছিল। চলতি বছরের জুনে পিএসডি শেগার মূল প্রস্তাবের বিকল্প একটি খসড়া দেয়, যেখানে ধর্মীয় দিকের পরিবর্তে নিরাপত্তাজনিত বিষয়কে বেশি গুরুত্ব দেওয়া হয়।

পরে শেগাও তাদের প্রস্তাবে সংশোধন আনে। নতুন খসড়ায় বলা হয়, নিরাপত্তা ও জনশৃঙ্খলার স্বার্থে জনপরিসরে মুখ ঢাকা নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে বয়স, লিঙ্গ, ধর্মীয় পরিচয় বা জাতিগত উৎসের কারণে কাউকে জোর করে মুখ ঢাকতে বাধ্য করা যাবে না।

প্রাথমিক প্রস্তাবে কাউকে জোরপূর্বক মুখ ঢাকতে বাধ্য করাকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছিল। পরে সেটি সংশোধন করে প্রশাসনিক অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। নতুন বিধান অনুযায়ী, অবহেলার কারণে এ ধরনের অপরাধে ১৫০ থেকে ৭৫০ ইউরো এবং ইচ্ছাকৃতভাবে করলে ৪০০ থেকে ৩ হাজার ইউরো পর্যন্ত জরিমানা করা যাবে।

আইনটি এখন পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়ার অপেক্ষায় রয়েছে। তবে মানবাধিকার, ধর্মীয় স্বাধীনতা এবং জননিরাপত্তা—এই তিনটি বিষয়কে কেন্দ্র করে পর্তুগালে এ আইন নিয়ে রাজনৈতিক ও সামাজিক বিতর্ক অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

Home R3