১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ইউরোপ

পর্তুগালে অভিবাসীদের জন্য দুঃসংবাদ, রেসিডেন্সের নিয়মে বড় ধরনের পরিবর্তন

পর্তুগালে অভিবাসীদের জন্য দুঃসংবাদ, রেসিডেন্সের নিয়মে বড় ধরনের পরিবর্তন

ইউরোপের দেশ পর্তুগালে বিদেশি অভিবাসীদের রেসিডেন্স বা বসবাসের অনুমতি পাওয়ার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়েছে। নতুন অভিবাসন নীতি কার্যকর হওয়ার মাধ্যমে নির্দিষ্ট শিক্ষা ও প্রশিক্ষণভিত্তিক রেসিডেন্সের জন্য দেশটির ভেতরে অবস্থান করে আবেদন করার আগের সুযোগ সীমিত করা হয়েছে।

গত ১০ সেপ্টেম্বর সরকারি গেজেটে প্রকাশের পর ১১ সেপ্টেম্বর থেকে দেশটিতে এই নতুন আইন আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। এই সংস্কারের মাধ্যমে পর্তুগালের প্রচলিত অভিবাসন আইনের আর্টিকেল ৯২ এর ৪ নম্বর অনুচ্ছেদ বাতিল করা হলো।

নতুন বিধিমালা অনুযায়ী, মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী এবং সিআইটিই লেভেল ৪ কোর্সের শিক্ষার্থীদের আর্টিকেল ৯২ এর আওতায় বৈধ বসবাসের অনুমতি নিতে হলে শুরুতেই যথাযথ রেসিডেন্স ভিসা থাকতে হবে। কেবল দেশটিতে অবস্থান করলেই আর আবেদনের সুযোগ মিলবে না। একই সঙ্গে অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে বৈধ ভর্তি, ন্যাশনাল হেলথ সার্ভিস (এসএনএস) অথবা উপযুক্ত স্বাস্থ্যবীমাসহ অভিবাসন আইনের অন্যান্য সকল শর্তাবলি যথাযথভাবে পূরণ করতে হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আর্টিকেল ৯২ পুরোপুরি বাতিল করা হয়নি, বরং বাড়তি বেশ কিছু কঠোর শর্ত যুক্ত করে এটিকে কার্যকর রাখা হয়েছে। ফলে আগে পর্যটক বা অন্য কোনো ভিসায় এসে পর্তুগালের ভেতরে অবস্থান করে শিক্ষা ক্যাটাগরিতে রেসিডেন্সের যে আবেদন করা যেত, সেই পথ কার্যত বন্ধ হয়ে গেল।

নতুন আইনে রেসিডেন্স আবেদনের বিষয়ে সিদ্ধান্ত জানানোর সময়সীমাও স্পষ্ট করা হয়েছে। সাধারণত আবেদন জমা দেওয়ার ৯০ দিনের মধ্যে কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার বিধান রাখা হয়েছে। তবে বিশেষ জটিলতা বা প্রয়োজনীয় যাচাইয়ের ক্ষেত্রে কর্তৃপক্ষ চাইলে এই মেয়াদ অতিরিক্ত আরো ৩০ দিন পর্যন্ত বাড়াতে পারবে।

আইনের এই বড় পরিবর্তনের প্রেক্ষাপটে পর্তুগালে পড়াশোনা কিংবা কোনো প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে আগ্রহীদের নিজ দেশ ত্যাগের আগেই ভিসার বৈধ ধরন, কোর্সের সরকারি স্বীকৃতি এবং রেসিডেন্স পাওয়ার পূর্বশর্তগুলো ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছেন অভিবাসন বিশেষজ্ঞরা।

Home R3