শিক্ষাগত মান হ্রাসে প্রতিক্রিয়া জানিয়ে দেশে পড়ার অভ্যাস বাড়াতে নতুন করে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন পর্তুগালের প্রেসিডেন্ট আন্তোনিও জোসে সেগুরো। তিনি বলেন, শিক্ষার্থীদের পড়ার দক্ষতা কমে যাওয়ার বিষয়টি মেনে নিয়ে বসে থাকার সুযোগ নেই।
বুধবার (১৬ সেপ্টেম্বর) পর্তুগিজ সংবাদমাধ্যম দ্য রেসিডেন্টের প্রকাশিথ এক সংবাদ থেকে এ তথ্য জানা যায়।
লিসবনে আয়োজিত ‘বুক ২ দশমিক ০’ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে আন্তোনিও জোসে সেগুরো বলেন, পড়ার অভ্যাস গড়ে তোলার দায়িত্ব শুধু স্কুলের নয়। পরিবার ও সমাজের প্রত্যেকেরই এ ক্ষেত্রে ভূমিকা রয়েছে।
সাম্প্রতিক পিসা প্রতিবেদনের কথা উল্লেখ করে সেগুরো বলেন, অনেক উন্নত দেশেই মানুষের পড়ার দক্ষতা কমছে এবং আনন্দের জন্য বই পড়ার প্রবণতাও হ্রাস পাচ্ছে। এর প্রভাব বিজ্ঞান ও গণিতসহ বিভিন্ন ক্ষেত্রে জ্ঞান ও দক্ষতার ওপর পড়ছে।
তিনি বলেন, পড়ার অভ্যাস মানুষকে অজ্ঞতা ও সামাজিক বঞ্চনা থেকে দূরে রাখে। একটি জাতি যত বেশি পড়বে, তত বেশি জ্ঞানী ও সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হবে।
এ ছাড়া পর্তুগিজ ভাষার সঠিক ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্ব দেন প্রেসিডেন্ট। টেলিভিশন, রাজনীতি ও জনজীবনে ভাষার প্রতি আরও যত্নশীল হওয়ার আহ্বান জানান তিনি।