২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নেতানিয়াহুর জনপ্রিয়তায় ধস, বিদায় চান অধিকাংশ ইসরাইলি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জনপ্রিয়তায় বড় ধরনের পতনের ইঙ্গিত পাওয়া গেছে। দেশটির অধিকাংশ নাগরিক এখন তার রাজনীতি থেকে বিদায় চান বলে এক জরিপে উঠে এসেছে।

ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল–১২–এর জরিপ অনুযায়ী, অংশগ্রহণকারী ৫৯ শতাংশ মনে করেন, নেতানিয়াহুর রাজনীতি ছেড়ে দেওয়া উচিত এবং আসন্ন নির্বাচনে তার অংশ নেওয়া ঠিক হবে না। বিপরীতে মাত্র ৩৩ শতাংশ তার নির্বাচনে অংশগ্রহণের পক্ষে মত দিয়েছেন। বাকি ৮ শতাংশ এ বিষয়ে কোনো মতামত দেননি।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতি নেতানিয়াহুর ওপর চাপ বাড়িয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা চুক্তির পর দেশটির ভেতরে ও বাইরে ইসরাইল সরকারের প্রতি অসন্তোষ বৃদ্ধি পেয়েছে।

২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলায় প্রায় ১,২০০ জন নিহত ও ২৫০ জন অপহৃত হওয়ার পর থেকেই নেতানিয়াহুর নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠে। পরবর্তীতে গাজায় ইসরাইলের সামরিক অভিযানে ব্যাপক প্রাণহানি এবং আন্তর্জাতিক সমালোচনার মুখে তার জনপ্রিয়তা আরও কমে যায়।

এদিকে গাজায় অভিযানের কারণে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আগামী অক্টোবরে ইসরাইলে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিরোধী দলগুলো একে দেশের জন্য গুরুত্বপূর্ণ মোড় ঘোরানো নির্বাচন হিসেবে দেখছে।

দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে নেতানিয়াহু একাধিকবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৬ সালে প্রথমবার ক্ষমতায় আসার পর ২০০৯ থেকে ২০২১ সাল পর্যন্ত টানা প্রধানমন্ত্রী ছিলেন। ২০২২ সালে পুনরায় ক্ষমতায় এসে বর্তমানে দায়িত্ব পালন করছেন তিনি।

তবে সাম্প্রতিক জরিপ ও রাজনৈতিক পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে, আসন্ন নির্বাচনে তার অবস্থান চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

সূত্র: চ্যানেল–১২

Home R3