২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

নামাজ পড়াতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন মসজিদের খতিব

নোয়াখালীর সুবর্ণচরে সড়ক দুর্ঘটনায় উপজেলা মডেল জামে মসজিদের খতিব মুফতি মাকছুদ আলম (৩৬) নিহত হয়েছেন। বুধবার (ভোর সাড়ে ৪টা) উপজেলার চরবাটা ইউনিয়নের তোতা মিয়ার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাকছুদ আলম উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জনতা বাজার এলাকার নুরুল আলম সওদাগরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে তিনি চরবাটা ইউনিয়নের তোতা মিয়ার বাজার এলাকায় তাঁর শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। বুধবার ভোরে ফজরের নামাজ পড়ানোর উদ্দেশ্যে মোটরসাইকেলে করে উপজেলা মডেল মসজিদে যাওয়ার পথে দ্রুতগতির একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Home R3