বর্তমানে দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
মঙ্গলবার (১৯ মে) তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরতে গিয়ে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শিগগিরই চালু করা হবে। আগামী ১৬ ডিসেম্বরকে সামনে রেখে এ বিষয়ে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।
দেশে হামের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বিগত সরকারের উদাসীনতার কারণে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর প্রয়োজনীয় টিকা সংগ্রহ করেছে এবং শিগগিরই হেলথ কার্ড বিতরণ কার্যক্রম শুরু করা হবে।
ফ্যামিলি কার্ড প্রসঙ্গে তিনি জানান, এখন পর্যন্ত ৫৩ হাজার ৯৬টি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে।
এছাড়া আগামী এক বছরের মধ্যে দেশের সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তথ্যমন্ত্রী।