২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

দুর্নীতিকে প্রমোট করতেই সারোয়ারের মতো ক্লিন ইমেজ ডিসিকে প্রত্যাহার

গাজীপুর-৪ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য সালাহ উদ্দিন বলেছেন, দুর্নীতিকে উৎসাহিত করার জন্য সিলেট থেকে সৎ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির জেলা প্রশাসক (ডিসি) সারোয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় সংসদের অধিবেশনে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি অভিযোগ করেন, স্কুল ফিডিং কর্মসূচির আওতায় ডিম, রুটি ও কলা সরবরাহের নামে প্রতি সপ্তাহে প্রায় ১৭ কোটি টাকা লুটপাট করা হচ্ছে। এছাড়া খাল খনন কর্মসূচিতেও নিয়মিত দুর্নীতির খবর আসছে বলে দাবি করেন তিনি।

সালাহ উদ্দিন বলেন, দুর্নীতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে, ক্যালকুলেটর ব্যবহার করে ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত ঘুষ নির্ধারণ করা হচ্ছে।

প্রস্তাবিত বাজেটের সমালোচনা করে তিনি বলেন, অর্থমন্ত্রীর উপস্থাপিত বাজেটকে ‘জীবনের গল্প’ বলা হলেও বাস্তবে এটি ‘আষাঢ়ের গল্প’। প্রায় পৌনে তিন লাখ কোটি টাকার ঋণনির্ভর এই বাজেট নিয়ে তিনি হতাশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, বাজেট ঘোষণার আগেই ১৪টি নিত্যপণ্যসহ অধিকাংশ পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। বিদ্যুৎ, জ্বালানি তেল ও এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধির ফলে পরিবহন ভাড়াও অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। পাশাপাশি এমএস রড, ইস্পাত, টিন, সাবান ও শ্যাম্পুর কাঁচামালের ওপর ভ্যাট ও কর বৃদ্ধি সাধারণ মানুষের ওপর চাপ বাড়াবে বলে মন্তব্য করেন তিনি।

নিজ নির্বাচনী এলাকা কাপাসিয়ার উন্নয়নের জন্য আধুনিক হিমাগার নির্মাণ, মাদক ও কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান এবং রাজেন্দ্রপুর-কাপাসিয়া-টোক সড়ককে চার লেনে উন্নীত করার জন্য বিশেষ বরাদ্দের দাবি জানান তিনি।