১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

দক্ষ কর্মীদের জন্য নতুন ভিসা চালু করছে ইউরোপের দেশ পর্তুগাল

বিদেশিদের জন্য নতুন এক ধরনের ভিসা চালু করতে যাচ্ছে ইউরোপের দেশ পর্তুগাল। ‘স্কিলড ওয়ার্ক সিকিং ভিসা’ নামে এই নতুন কর্মসংস্থান ভিসা আগের ‘ওয়ার্ক সিকিং ভিসা’র পরিবর্তে চালু হবে।

দ্য পর্তুগাল নিউজের প্রতিবেদনের বরাতে শুক্রবার (৩১ অক্টোবর) এ তথ্য জানিয়েছে ইকোনমিক টাইমস।

প্রতিবেদন অনুযায়ী, নতুন ভিসা চালুর উদ্যোগটি পর্তুগালে কাজের সুযোগ পেতে আগ্রহী দক্ষ বিদেশিদের জন্য বড় একটি সম্ভাবনা তৈরি করবে।

পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২৩ অক্টোবর থেকে পুরনো ভিসার সব অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে। এখন থেকে দেশটির কনস্যুলার অফিস ও ভিসা সেন্টারগুলো আর পুরাতন ক্যাটাগরির আবেদন গ্রহণ করবে না।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, নতুন স্কিলড ওয়ার্ক ভিসা চালুর প্রক্রিয়া শুরু হয়েছে, তবে এটি কার্যকর হবে নতুন বিদেশি কর্মসংস্থান আইন অনুযায়ী বিধি-নিষেধ চূড়ান্ত হওয়ার পর।

দ্য পর্তুগাল নিউজ জানায়, নতুন এই পরিবর্তন ২২ অক্টোবর ২০২৫ তারিখে প্রকাশিত পর্তুগালের নতুন আইন ৬১/২০২৫ অনুসারে কার্যকর হচ্ছে।

নতুন ব্যবস্থায় পেশাগত যোগ্যতা ও বিশেষ দক্ষতাসম্পন্ন আবেদনকারীরা অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছে সরকার।

নতুন এই ভিসার আবেদন শুরুর তারিখ ও যোগ্যতার মানদণ্ড পর্তুগাল সরকারের পরবর্তী নির্দেশনার মাধ্যমে জানানো হবে।

Home R3