২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

তিন মাসে যে উন্নয়ন হয়েছে আ’লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

দেশে গত তিন মাসে যে উন্নয়ন কাজ হয়েছে, তা আওয়ামী লীগের ১৫ বছরেও হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২০ জুন) মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “আমাদের কাজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। ইনশাআল্লাহ আগামী পাঁচ বছরের মধ্যে আপনাদের এলাকার সব রাস্তাঘাট ও ব্রিজ নির্মাণ কাজ সম্পন্ন করা হবে। মাত্র তিন মাসে যে উন্নয়ন হয়েছে, তা আওয়ামী লীগের আমলে ১৫ বছরেও হয়নি।”

তিনি গজারিয়াবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত ফুলদী ব্রিজ নির্মাণ প্রসঙ্গে বলেন, চলতি বছরের মধ্যেই ব্রিজটির নির্মাণ কাজ শুরু হবে।

এর আগে তিনি ভবেরচর বাজারে প্রায় ২ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত দুই তলা বিশিষ্ট গ্রামীণ বাজার ভবনের উদ্বোধন করেন। পরে কালীগাছ তলায় ব্র্যাক অফিস-ইমামপুর সড়কের প্রায় ২ কিলোমিটার পুনর্বাসন ও প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এছাড়া রসূলপুর খেয়াঘাট এলাকায় ফুলদী ব্রিজ নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন মন্ত্রী।

স্থানীয়দের মতে, এসব উন্নয়ন কাজ বাস্তবায়িত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।