ইসরাইলের উগ্র-ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির বলেছেন, প্রয়োজন হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনো সিদ্ধান্ত বা অনুরোধও প্রত্যাখ্যান করার ক্ষমতা ইসরাইলের রয়েছে। একই সঙ্গে লেবাননের সঙ্গে সম্ভাব্য যেকোনো যুদ্ধবিরতি চুক্তির তীব্র বিরোধিতা করে তিনি একে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন।
ইসরাইলি গণমাধ্যম নেটওয়ার্ক ‘আরুতজ শেভা’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
বেন-গভির বলেন, মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে কোনো আপিল বা অনুরোধ এলেও ইসরাইল তা নাকচ করতে পারে। লেবানন ইস্যুতে নিজের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, কোনো অবস্থাতেই সেখানে যুদ্ধবিরতি হতে দেওয়া উচিত নয়।
এছাড়া দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়েও মন্তব্য করেন তিনি। বেন-গভির আশা প্রকাশ করেন, চলতি বছর অনুষ্ঠেয় নির্বাচনের পরও বর্তমান ডানপন্থী জোট সরকার ক্ষমতায় থাকতে পারবে। তবে এই লক্ষ্য অর্জনে তাদের আরও কঠোর পরিশ্রম করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
সূত্র: আল-জাজিরা।