২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির সংসদ সদস্য

ঝালকাঠি-১ আসনের বিএনপির সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বিরোধী দল জামায়াতের নাম উল্লেখ না করে দলটির রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছেন। সোমবার (২২ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ বক্তব্য দেন।

তিনি বলেন, সংশ্লিষ্ট দলটি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। যে দল দেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, তাদের এ দেশে রাজনীতি করার অধিকার থাকা উচিত নয়। তিনি মহান সংসদে দাবি জানান— ফ্যাসিস্টদের মতো ওই দলটির রাজনীতিও নিষিদ্ধ করা হোক।

রফিকুল ইসলাম জামাল আরও বলেন, ধর্মের নামে রাজনীতি করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, নামের সঙ্গে ‘ইসলাম’ যুক্ত থাকলেই প্রকৃত ইসলাম প্রতিষ্ঠা হয় না। অতীত নির্বাচনে ভোটের বিনিময়ে মানুষকে ‘বেহেশতের প্রতিশ্রুতি’ দেওয়ার মতো অভিযোগও তুলে ধরেন তিনি।

তিনি অভিযোগ করেন, ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে, যা দেশের রাজনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে।

সংসদে তার এ বক্তব্য নতুন করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।