২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

জমকালো আয়োজনে হাফেজা ফাতেমাকে বাড়ি পৌঁছে দিলো মাদরাসা কর্তৃপক্ষ

পঞ্চগড়ে মাত্র দুই বছরে পবিত্র কোরআন সম্পূর্ণ মুখস্থ করে হাফেজা হয়েছেন নবম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা আক্তার (১৪)। এ উপলক্ষে তাকে সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে সম্মান জানিয়ে জমকালো আয়োজনে বাড়ি পৌঁছে দেয় মাদরাসা কর্তৃপক্ষ।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট এলাকার হাবিবা জান্নাত মদিনাতুল উলুম বালিকা মাদরাসায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফাতেমা একই উপজেলার চাকলাহাট ইউনিয়নের বকশিপাড়া গ্রামের আব্দুল করিমের মেয়ে।

মাদরাসা সূত্রে জানা যায়, ২০২৪ সালের মার্চে ভর্তি হয়ে মাত্র দুই বছরের মধ্যেই ফাতেমা কোরআনের হিফজ সম্পন্ন করে। অল্প সময়ে তার এই সাফল্যে শিক্ষক ও অভিভাবকেরা আনন্দিত হয়ে বিশেষ আয়োজন করেন।

অনুষ্ঠানে ফাতেমাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং ফুলের মালা পরিয়ে বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়। একইসঙ্গে তার বাবা-মাকেও সংবর্ধনা দেওয়া হয়। পরে একটি সুসজ্জিত মাইক্রোবাসে বসিয়ে মোটরসাইকেল ও গাড়ির বহরের মাধ্যমে তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

এদিকে, ফাতেমাকে বরণ করতে তার গ্রামবাসীরাও বিশেষ প্রস্তুতি নেয়। বাড়ির সামনে রাস্তা থেকে শুরু করে বাড়ি পর্যন্ত গেট নির্মাণ করা হয় এবং গ্রামের নারীরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। পরে তার বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ফাতেমা আক্তার বলেন, মাদরাসার শিক্ষিকারা অত্যন্ত যত্নসহকারে পড়িয়েছেন বলেই তিনি স্বল্প সময়ে হাফেজা হতে পেরেছেন। ভবিষ্যতে তিনি একজন আলেমা হতে চান বলে জানান।

Home R3