৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশ

এত আন্দোলন করেন, সরকার ক্ষমতা ছেড়ে দিলে দেশ চালাবে কে: প্রশ্ন প্রতিমন্ত্রী নুরের

এত আন্দোলন করেন, সরকার ক্ষমতা ছেড়ে দিলে দেশ চালাবে কে: প্রশ্ন প্রতিমন্ত্রী নুরের

বর্তমান জিওপলিটিক্যাল ক্রাইসিসে (ভূরাজনৈতিক সংকটে) বাংলাদেশকে লিড দেওয়ার জন্য এই মুহূর্তে বিএনপি সরকার ছাড়া আর কিছু নেই বলে মনে করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি প্রশ্ন রেখে বলেন, এখন যদি এত আন্দোলন-সংগ্রামের সরকার ক্ষমতা ছেড়ে দেয় তাহলে দেশ চালাবে কে?

সোমবার (০৩ আগস্ট) দুপুরে ঢাকা কলেজের শহিদ আ ন ম নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে ‘অগ্নিঝরা জুলাই, সংগ্রামের সুর’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর নতুন সরকার ক্ষমতায় এসেছে, তাই এখন অতিরিক্ত আন্দোলনের রাজনীতি থেকে সরে আসা প্রয়োজন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে বিএনপি সরকারের বিকল্প নেই এবং দেশ পরিচালনায় তারাই সক্ষম।

তিনি আরও বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের পদক্ষেপ প্রশংসনীয়। উসকানিমূলক আন্দোলন সরকারকে দুর্বল করার পাশাপাশি দেশের ক্ষতি ডেকে আনতে পারে। তিনি আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, দলটি পুনরায় ক্ষমতায় এলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দীর্ঘদিনের দমন-পীড়নের বিরুদ্ধে সাধারণ মানুষ শিক্ষার্থীদের সঙ্গে রাস্তায় নেমেছিল। আন্দোলনে নিহত ও আহতদের প্রতি দায়বদ্ধতার কথা উল্লেখ করে তিনি তাদের স্মরণে শুধু আনুষ্ঠানিকতা নয়, বাস্তব পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, সরকারে থেকে কোনো ভুল সিদ্ধান্ত হলে তিনি তা সমর্থন করবেন না। একই সঙ্গে রাজনৈতিক স্থিতিশীলতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, মতভেদ থাকলেও রাষ্ট্রের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তরুণদের উদ্দেশে তিনি শালীন ভাষা ব্যবহারের আহ্বান জানিয়ে বলেন, ভিন্নমত প্রকাশ করা যাবে, তবে তা যেন শালীন ও গঠনমূলক হয়। তিনি মব জাস্টিস ও বিশৃঙ্খলার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান।

সভায় ঢাকা কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি নোমান আলম মুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মাসুদ রানার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াসসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Home R3