১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ইসলাম গ্রহণের পর আবার হিন্দু ধর্মে ফিরলেন উত্তর প্রদেশের যুবক আয়ুশ মালিক

ভারতের উত্তর প্রদেশের শামলি জেলার বাসিন্দা আয়ুশ মালিক, যিনি ইসলাম ধর্ম গ্রহণ করায় রাজ্যের ধর্মান্তরবিরোধী আইনের আওতায় তদন্তের মুখে পড়েছিলেন, এবার আবার হিন্দু ধর্মে ফিরে গিয়ছেন।

তার পরিবারের দাবি, বাবা-মায়ের কষ্টের কথা ভেবে এবং নিজের ইচ্ছায় তিনি আবার সনাতন ধর্ম গ্রহণ করেছেন।

সোমবার (২৯ জুন) ইন্ডিয়া টুডেসহ ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে এ তথ্য জানা যায়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে আয়ুশকে হিন্দু ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে দেখা যায়। ভিডিওতে তিনি বলেন, তিনি আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তবে পরিবারের কথা চিন্তা করে এবং নিজের ইচ্ছায় আবার সনাতন ধর্মে ফিরে এসেছেন। এখন তিনি পরিবারের সঙ্গে থাকতে চান।

ভিডিওতে আয়ুশ বলেন, “আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম। কিন্তু আপনাদের কষ্ট দেখে এবং পরিবারের কথা ভেবে নিজের ইচ্ছায় আবার হিন্দু ধর্মে ফিরে এসেছি। আমি পরিবারের স্নেহ ও নিরাপত্তার মধ্যেই থাকতে চাই।”

আয়ুশের বাবা দেবরাজ মালিক জানান, তার ছেলে আনুষ্ঠানিকভাবে আবার সনাতন ধর্ম গ্রহণ করেছে।

এর আগে দেবরাজ মালিক অভিযোগ করেছিলেন, চাঁদনি কুরেশি ও তার বাবা ইসলাম কুরেশি পরিকল্পিতভাবে আয়ুশের ‘ব্রেইনওয়াশ’ করেন। পরে তাকে ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে ‘মোহাম্মদ আলী’ নাম দেওয়া হয়। তার দাবি, পরিবারের কোটি কোটি টাকার সম্পত্তি দখলের উদ্দেশ্যেই এটি করা হয়েছিল।

কয়েক সপ্তাহ আগে দেবরাজ মালিকের অভিযোগের ভিত্তিতে উত্তর প্রদেশ পুলিশের সদস্যরা চাঁদনি কুরেশি ও তার বাবা ইসলাম কুরেশিকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে উত্তর প্রদেশের অবৈধ ধর্মান্তর প্রতিরোধ আইনে মামলা করা হয়। ওই সময় আয়ুশ নিজে বলেছিলেন, তিনি স্বেচ্ছায় ভালোবেসে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

পুলিশের দাবি, ধর্মান্তরের পর আয়ুশ দাড়ি রাখা, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা এবং পোশাক-পরিচ্ছদে ইসলামী রীতি অনুসরণ করতেন।

সূত্র : ইন্ডিয়া টুডে

Home R3