১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশ

আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর, আমলে নিচ্ছি না: স্বরাষ্ট্রমন্ত্রী

আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর, আমলে নিচ্ছি না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে ভারতীয় উপমহাদেশের আল-কায়েদার (একিউআইএস) কার্যক্রম বিস্তার নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রিপোর্টকে ‘অনুমাননির্ভর’ আখ্যা দিয়ে তা সরকার আমলে নিচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ‘রিপোর্টটি এখনও সরাসরি পড়ে দেখিনি, তবে শুনেছি। সেখানে হয়তো তারা কিছু পর্যবেক্ষণ দিতে পারে, বিস্তারিত না দেখে চূড়ান্ত কিছু বলা সম্ভব নয়।’

দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা সম্ভব হয়েছে, তবে জনপ্রত্যাশা অনুযায়ী শতভাগ উন্নতির জন্য আরও কিছু সময় লাগবে। বিগত ৬ মাসের মধ্যে সরকার অনেক সংস্কারমূলক কাজ সম্পন্ন করেছে।’

জ্বালানি পরিস্থিতির ব্যাখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেল ও গ্যাসের সরবরাহ সংকট সৃষ্টি হলেও এক মাস পর্যন্ত দেশে কোনো মূল্যবৃদ্ধি করা হয়নি। পরবর্তীতে সহনীয় মাত্রায় তেলের মূল্য সমন্বয় করা হয়েছে।’

তিনি আরও উল্লেখ করেন, বর্তমান গ্যাস ও জ্বালানি সংকট মূলত বিগত ফ্যাসিবাদী সরকারের রেখে যাওয়া পুঞ্জীভূত সমস্যা, যা রাতারাতি কাটিয়ে ওঠা সম্ভব নয়। আগের সরকারের তৈরি করা আমদানি-নির্ভরতা কমাতে ইতোমধ্যে দেশের অভ্যন্তরীণ স্থলভাগ ও সমুদ্রে নতুন গ্যাসক্ষেত্রের অনুসন্ধান শুরু হয়েছে। আগামী কয়েক বছরের মধ্যে নিজস্ব উৎপাদিত গ্যাস দিয়েই এই সংকট সমাধান করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ উদ্বেগ প্রকাশ করে জানায়, আল-কায়েদার আঞ্চলিক শাখা একিউআইএস তাদের নতুন সন্ত্রাসী সেল গঠনের উদ্দেশ্যে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহারের অপচেষ্টা চালাচ্ছে।

Home R3