গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঘাঘর ব্রিজে বিভিন্ন দেশের জাতীয় পতাকার পরিবর্তে কালেমা খচিত পতাকা উত্তোলনের ঘটনা স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
বুধবার (২৪ জুন) বিকেলে ব্রিজটির দুই পাশে সারি সারি এসব পতাকা দেখা যায়। সাধারণত ফুটবল উন্মাদনায় আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ইতালি বা স্পেনের পতাকা উড়তে দেখা গেলেও, এবার তার ব্যতিক্রম ঘটেছে।
রাতে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়। অনেক নেটিজেন একে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে উল্লেখ করেছেন।
ব্রিজ দিয়ে চলাচলকারী পথচারীদের দৃষ্টি আকর্ষণ করছে পতাকাগুলো। অনেকে সেখানে থেমে দৃশ্যটি উপভোগ করছেন, আবার কেউ কেউ ছবি তুলে স্মৃতি হিসেবে সংরক্ষণ করছেন।
স্থানীয়দের একটি অংশের মতে, ধর্মীয় আবহের এই ব্যতিক্রমী সাজসজ্জা ইতিবাচকভাবেই গ্রহণ করা হয়েছে। অনেকেই মন্তব্য করছেন, দৃশ্যটি দৃষ্টিনন্দন এবং ভিন্নধর্মী একটি উদ্যোগ।