২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আমাদের দাবি মেনে নেওয়া ছাড়া ট্রাম্পের কোনো পথ নেই: ইরান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে ইরানের দাবি মেনে নেওয়া ছাড়া অন্য কোনো পথ নেই বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালায়ি-নিক।

সম্প্রতি দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ইরানি জনগণের ন্যায্য দাবি মেনে নেওয়া এবং দেশের অধিকার স্বীকৃতি দেওয়া ছাড়া ট্রাম্পের কোনো বিকল্প নেই।

রেজা তালায়ি-নিক দাবি করেন, চলমান উত্তেজনার প্রেক্ষাপটে তথাকথিত আমেরিকান-জায়নবাদী শত্রুর জন্য একমাত্র পথ হলো যুদ্ধ ও কূটনীতি—উভয় ক্ষেত্রেই ইরানের অবস্থান মেনে নেওয়া।

তিনি সতর্ক করে বলেন, যদি ইরানের দাবি উপেক্ষা করা হয়, তাহলে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের আরও বড় মূল্য দিতে হবে এবং ধারাবাহিকভাবে পরাজয়ের মুখে পড়তে হবে।

একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ট্রাম্প আমেরিকার জাতীয় স্বার্থ উপেক্ষা করছেন এবং ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থানের কারণে যুক্তরাষ্ট্র আরও গভীরভাবে সংঘাতে জড়িয়ে পড়তে পারে।

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই তেহরানের পক্ষ থেকে এ ধরনের কড়া বক্তব্য সামনে এলো।