১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ইসলাম

আধ্যাত্মিকতার আলো ছড়াতে আজ চরমোনাইতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী মাহফিল

আধ্যাত্মিকতার আলো ছড়াতে আজ চরমোনাইতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী মাহফিল

আধ্যাত্মিকতা, আত্মশুদ্ধি ও সুফিবাদের ঐতিহ্য বহনকারী তিন দিনব্যাপী বার্ষিক চরমোনাই মাহফিল আগামীকাল বুধবার (২৬ নভেম্বর) থেকে শুরু হচ্ছে। গত শতকের ২০-এর দশকে যাত্রা শুরু হওয়া এই মাহফিল এখন দেশের অন্যতম বৃহৎ আধ্যাত্মিক সমাবেশ হিসেবে বিবেচিত।

বুধবার জোহরের নামাজের পর বাংলাদেশ মুজাহিদ কমিটির প্রধান আমীরুল মুজাহিদিন ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের উদ্বোধনী বয়ানের মাধ্যমে মাহফিলের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। তিন দিনব্যাপী মাহফিলে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় সাতটি প্রধান বয়ান অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ও সমাপনী বয়ান করবেন পীর সাহেব চরমোনাই, আর মাঝের বয়ানগুলো করবেন নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমসহ দেশের শীর্ষ আলেমরা।

চরমোনাই জামেয়া রশিদিয়া আহসানাবাদের আয়োজনে এবং বাংলাদেশ মুজাহিদ কমিটির তত্ত্বাবধানে মাহফিলকে ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। দ্বিতীয় দিনে সকাল সাড়ে ১০টায় হবে উলামা সম্মেলন এবং তৃতীয় দিনে একই সময়ে অনুষ্ঠিত হবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ছাত্র জমায়েত।

১৯২৪ সালে শুরু হওয়া এ ধারার প্রধান মাওলানা সৈয়দ মুহাম্মাদ ফজলুল করীম ১৯৮৭ সালে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক যাত্রা শুরু করেন, যা বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে পরিচিত। দেশের ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনে চরমোনাই তরিকার প্রভাব উল্লেখযোগ্য।

মাহফিলে আগত মুসল্লিদের সেবায় থাকবে সহস্রাধিক স্বেচ্ছাসেবক। থাকবে একশত শয্যার অস্থায়ী হাসপাতাল, দুইটি ওয়াটার অ্যাম্বুলেন্সসহ পাঁচটি অ্যাম্বুলেন্স, নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা, পুলিশ–আনসার সদস্য এবং ফায়ার সার্ভিসের প্রস্তুত টিম।

Home R3