৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রবাস

অস্ট্রেলিয়ার রাজ্য সংসদ নির্বাচনে বাংলাদেশি ইব্রাহিম খলিলের প্রার্থিতা ঘোষণা

অস্ট্রেলিয়ার রাজ্য সংসদ নির্বাচনে বাংলাদেশি ইব্রাহিম খলিলের প্রার্থিতা ঘোষণা

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) রাজ্য সংসদ নির্বাচনে ম্যাকুয়ারি ফিল্ডস আসন থেকে সংসদ সদস্য (এমপি) পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিবিদ মোহাম্মদ ইব্রাহিম খলিল মাসুদ। তিনি ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের বর্তমান কাউন্সিলর ও সাবেক ডেপুটি মেয়র।

শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিডনির মিন্টোস্থ রন মুর কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে ‘কমিউনিটি ভয়েস অব অস্ট্রেলিয়া’র মনোনীত প্রার্থী হিসেবে তিনি এ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। স্থানীয় আদিবাসীদের প্রতি ঐতিহ্যবাহী ‘কান্ট্রি স্বীকৃতি’, আদিবাসী নৃত্য এবং অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আয়োজনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

প্রার্থিতা ঘোষণার বক্তব্যে মাসুদ খলিল বলেন, তিনি প্রায় তিন দশক ধরে স্থানীয় মানুষের পাশে থেকে কাজ করছেন। রাজ্য সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পেলে সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা, স্থানীয় প্রত্যাশা ও নাগরিক অধিকার আরও জোরালোভাবে তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। এ সময় তিনি দল-মত ও জাতিগোষ্ঠীর ঊর্ধ্বে উঠে সবার দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।

মোহাম্মদ ইব্রাহিম খলিল মাসুদ অস্ট্রেলিয়ার স্থানীয় সরকার ও বহুসাংস্কৃতিক অঙ্গনে দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে অত্যন্ত সক্রিয়। তিনি ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর ও ডেপুটি মেয়র হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে ২০২৪ সালের স্থানীয় সরকার নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পুনরায় কাউন্সিলর নির্বাচিত হন। বিশেষ করে কোভিড-১৯ মহামারির চরম সংকটকালে সিডনিতে আন্তর্জাতিক শিক্ষার্থী ও অসহায় মানুষের মাঝে খাদ্যসহায়তাসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের জন্য তিনি সরকারি ও স্থানীয় কাউন্সিল পর্যায় থেকে বিশেষ স্বীকৃতি লাভ করেন।

শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় এবং অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা গ্রহণ করেন।

উল্লেখ্য, ম্যাকুয়ারি ফিল্ডস আসনের ক্যাম্বেলটাউন, মিন্টো, ইংগেলবার্ন ও গ্লেনফিল্ডসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে উল্লেখযোগ্যসংখ্যক প্রবাসী বাংলাদেশি বসবাস করেন। ফলে এই আসনে স্থানীয় সরকারের দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন একজন বাংলাদেশির প্রার্থিতা অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতিতে প্রবাসী কমিউনিটির শক্ত অবস্থান ও প্রতিনিধিত্বের ক্ষেত্রে নতুন দিগন্তের উন্মোচন করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Home R3