আমেরিকা ও ইসরাইল নতুন করে ইরানে হামলা চালালে উপসাগরীয় অঞ্চলের সমুদ্রতলের গুরুত্বপূর্ণ ইন্টারনেট ক্যাবলে হামলার পরিকল্পনা করেছে ইরান। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের দুই জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ওই দুই কর্মকর্তা বলেন, হরমুজ প্রণালির নিচ দিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ ইন্টারনেট ক্যাবলগুলো সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে। হামলার পর ক্যাবল মেরামতকাজ বাধাগ্রস্ত করে যোগাযোগব্যবস্থায় দীর্ঘস্থায়ী বিঘ্ন ঘটানোর পরিকল্পনাও রয়েছে বলে জানান তাদের একজন।
কর্মকর্তারা অবশ্য হামলা কীভাবে বা ঠিক কোথায় চালানো হবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি। তবে একজন কর্মকর্তা বলেন, ইরানের ওপর হামলা হলে কোনো ‘রেড লাইন’ বা সীমাবদ্ধতা আর অবশিষ্ট থাকবে না। সমুদ্রতলের ক্যাবল থেকে শুরু করে সামরিক ঘাঁটি, এমনকি গোপন ঘাঁটিও হামলার লক্ষ্যবস্তু হবে।
ওই কর্মকর্তা আমেরিকাকে ‘আগুন নিয়ে না খেলার’ ব্যাপারে সতর্ক করে বলেন, সমুদ্রতলের ক্যাবলগুলোর নাগাল পাওয়ার পূর্ণ সক্ষমতা ইরানের রয়েছে এবং সেগুলো সহজেই ধ্বংস করা সম্ভব।
এর আগে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর রাজনৈতিক বিভাগের উপপ্রধান ইয়াদোল্লাহ জাভানি জানিয়েছিলেন, ইরানের অবকাঠামোতে হামলা হলে হরমুজ প্রণালির নিচ দিয়ে যাওয়া সাতটি গুরুত্বপূর্ণ ইন্টারনেট ক্যাবল ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে।