৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশ

শিক্ষা ও চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কওমি মাদরাসা: সংসদে অর্থমন্ত্রী

শিক্ষা ও চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কওমি মাদরাসা: সংসদে অর্থমন্ত্রী ফাইল ছবি

দেশে প্রায় ৮০ হাজার কওমি মাদরাসা জাকাতের অর্থ সংগ্রহ করে দরিদ্র পরিবারের সন্তানদের শিক্ষা, নৈতিকতা ও চরিত্র গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (৬ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিনের এক প্রশ্নের লিখিত জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের বিভিন্ন মাদরাসা, মক্তব, এতিমখানা ও বেসরকারি সামাজিক প্রতিষ্ঠান জাকাত আদায়ের মাধ্যমে লাখ লাখ দরিদ্র শিক্ষার্থীর শিক্ষা ও মৌলিক প্রয়োজন মেটাতে নিরবচ্ছিন্ন সহায়তা দিয়ে যাচ্ছে। বিশেষ করে দেশের প্রায় ৮০ হাজার কওমি মাদরাসা জাকাতের অর্থ যথাযথ ব্যবহারের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া ও দরিদ্র পরিবারের সন্তানদের সাক্ষরতা প্রদান, নৈতিক শিক্ষা এবং চরিত্র গঠনে এক প্রকার রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে চলেছে।

সরকারিভাবে জাকাত ব্যবস্থাপনার চিত্র তুলে ধরে তিনি জানান, ধর্মীয় বিধান অনুযায়ী জাকাত সংগ্রহ এবং প্রকৃত হকদারদের মাঝে বিতরণের লক্ষ্যে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ১৯৮২ সাল থেকেই ‘সরকারি জাকাত ফান্ড বিভাগ’ দায়িত্ব পালন করে আসছে। এছাড়া জাকাত কার্যক্রমকে আরও সুশৃঙ্খল করতে সরকার ২০২৩ সালে পূর্ণাঙ্গ ‘জাকাত তহবিল ব্যবস্থাপনা আইন’ প্রণয়ন করেছে।

জাকাত ব্যবস্থার আধুনিকায়নে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আগ্রহে জাকাত ব্যবস্থার সার্বিক উন্নয়নে ইতিমধ্যে একটি উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে এবং তারা কাজ চালিয়ে যাচ্ছে। কমিটির সুপারিশের ভিত্তিতে একটি শক্তিশালী ‘জাকাত বোর্ড’ গঠন, প্রচলিত ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার, আধুনিকায়ন ও একে আরও গতিশীল করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি দেশি ও বিদেশি উভয় উৎস থেকেই যাতে জাকাত সংগ্রহ সহজ ও নির্বিঘ্ন করা যায়, সে বিষয়েও ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহযোগিতায় সরকারি জাকাত ফান্ডে প্রদত্ত অর্থের রসিদ আয়কর রিটার্নের সঙ্গে সংযুক্ত করে কর রেয়াত (ট্যাক্স রিবেট) সুবিধা পাওয়ার নিয়ম কার্যকর রয়েছে। সামগ্রিক জাকাত ব্যবস্থাকে জনসাধারণের কাছে আরও বেশি বিশ্বাসযোগ্য, স্বচ্ছ ও গতিশীল করতে সরকার বিভিন্ন সমন্বিত পদক্ষেপ বাস্তবায়ন করছে বলেও সংসদকে জানান অর্থমন্ত্রী।

Home R3