৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

‘শাহজালাল বিমানবন্দরের নাম বদলের পক্ষে নন প্রধানমন্ত্রী’

বিপুল অঙ্কের অর্থ অপচয় রোধে আপাতত ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর’ এর নাম পরিবর্তন না করে দ্রুততম সময়ে এর বহুল প্রতীক্ষিত থার্ড টার্মিনাল চালুর দিকেই মূল মনোযোগ দিচ্ছে সরকার। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে আংশিকভাবে এই টার্মিনালটি চালুর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন থার্ড টার্মিনাল সরেজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বিমানবন্দরের পূর্ববর্তী নাম ‘জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর’ এ ফিরে যাওয়ার আলোচনা প্রসঙ্গে মন্ত্রী স্পষ্ট করে বলেন, একটি আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের প্রক্রিয়ায় বিশ্বব্যাপী বিভিন্ন নথিপত্র ও সিস্টেমে সংশোধনের জন্য প্রায় ৪০ থেকে ৫০ হাজার কোটি টাকার বিশাল অর্থ ব্যয়ের বিষয় জড়িত থাকে। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে রাষ্ট্রের এত বড় অঙ্কের অর্থ অপচয় করে বিমানবন্দরের নাম পরিবর্তনের পক্ষে প্রধানমন্ত্রী নন।

পরিদর্শনকালে বিমানমন্ত্রী জানান, বিগত সরকারের আমলে টার্মিনালটি পুরোপুরি সচল করতে দৃশ্যমান ও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তবে বর্তমান সরকার এটিকে দ্রুত চালু করতে জোর তৎপরতা চালাচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, আগামী ১৬ ডিসেম্বর এক বা দুটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে টার্মিনালটি আংশিকভাবে উদ্বোধন করা হবে। পরবর্তীতে আগামী বছরের মার্চ এপ্রিল নাগাদ এটি পুরোদমে চালু করা সম্ভব হবে, যা বর্তমান বিমানবন্দরের বিদ্যমান যাত্রীচাপ উল্লেখযোগ্যভাবে লাঘব করবে।

পরিচালনা ও রাজস্ব বণ্টনের বিষয়ে মন্ত্রী উল্লেখ করেন, থার্ড টার্মিনাল পরিচালনার চুক্তির শর্ত অনুযায়ী আয়ের ২৭ শতাংশ পাবে বাংলাদেশ এবং বাকি অংশ পাবে জাপান। এ বিষয়ে জাপানের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির প্রক্রিয়া আজ থেকেই শুরু হচ্ছে। পাশাপাশি নতুন এই টার্মিনালের ৫০ শতাংশ গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হাতে থাকবে।

বিমানবন্দরে যাত্রী ভোগান্তি নিরসনে লাগেজ সরবরাহের গতি বৃদ্ধির কড়া নির্দেশনা দিয়ে পর্যটন মন্ত্রী বলেন, বর্তমানে লাগেজ পেতে দীর্ঘ সময় অপেক্ষার যে ভোগান্তি হয়, তা দ্রুত কমিয়ে ১৫ থেকে ৪০ মিনিটের মধ্যে নামিয়ে আনতে হবে। এই সময়সীমা নিশ্চিত করতে ব্যর্থ হলে সিভিল এভিয়েশনের পক্ষ থেকে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জরিমানাসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। নতুন এই আধুনিক টার্মিনাল চালুর মাধ্যমে দেশে বৈদেশিক বিনিয়োগ আরও বৃদ্ধি পাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

Home R3