সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেললাইনে বসে মোবাইলে ফুটবল খেলা দেখার সময় ট্রেনে কাটা পড়ে রুবেল মোল্লা (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেল মোল্লা উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের বর্ধনগাছা গ্রামের শামসুল মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেন লাহিড়ী মোহনপুর রেলগেট এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। ওই সময় রুবেল রেললাইনের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে মোবাইল ফোনে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের ফুটবল ম্যাচ দেখছিলেন।
লাহিড়ী মোহনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন জানান, যুবকের কানে হেডফোন লাগানো থাকায় ট্রেনের হুইসেল তিনি শুনতে পাননি। ফলে দ্রুতগতির ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করে। থানার পরিদর্শক (তদন্ত) রূপকর জানান, আইনগত কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।