যুক্তরাষ্ট্রে অভিবাসী বহিষ্কারে অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ২০২৬ অর্থবছরে দেশটি থেকে ৪ লাখ ৮৩ হাজার ২০০ জনকে বহিষ্কার করেছে মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইসিই)। একই সময়ে ৪ লাখ ৯১ হাজারের বেশি অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (ডিএইচএস) গত বুধবার এ তথ্য জানিয়েছে।
আইসিইর ২৩ বছরের ইতিহাসে এক অর্থবছরে এত বেশি মানুষকে বহিষ্কারের ঘটনা আগে ঘটেনি। এর আগে ২০২৫ সালে সর্বোচ্চ ৪ লাখ ৪২ হাজার ৬৪০ জনকে বহিষ্কারের রেকর্ড ছিল। এবার সেই রেকর্ডও ছাড়িয়ে গেছে ট্রাম্প প্রশাসন।
ট্রাম্প তার প্রশাসনের অভিবাসনবিরোধী অভিযান ‘মাত্রাতিরিক্ত কঠোর’ হয়ে থাকতে পারে বলে স্বীকার করার কয়েক দিন পর এই পরিসংখ্যান প্রকাশ করা হলো।
যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েন মুলিন এক বিবৃতিতে বলেন, ‘২০২৬ অর্থবছরে আইসিইর ইতিহাসে সবচেয়ে বেশি অভিবাসীকে গ্রেপ্তার ও বহিষ্কার করা হয়েছে। গ্রেপ্তারের দিক থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর মাসও আইসিইর ইতিহাসে সেরা সেপ্টেম্বর ছিল।’
আইসিই জানিয়েছে, গত সেপ্টেম্বরে ৪৮ হাজারের বেশি অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে আগস্টে ৫০ হাজার ৯২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। টানা দুই মাস রেকর্ডসংখ্যক গ্রেপ্তারের পর সেপ্টেম্বরে এই সংখ্যা কিছুটা কমে আসে।