৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী হাসিনার সাথে সংবাদ সম্মেলনে থাকবেন সাকিব আল হাসান

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী হাসিনার সাথে সংবাদ সম্মেলনে থাকবেন সাকিব আল হাসান

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের দুই বছর পূর্তি উপলক্ষে আগামী ৫ আগস্ট ভারতের নয়াদিল্লিতে এ আয়োজন অনুষ্ঠিত হবে।

ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া আয়োজিত এই ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বক্তব্য দেবেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, একই প্যানেলে আরও থাকবেন সজীব ওয়াজেদ জয়, মহিবুল হাসান চৌধুরী নওফেল, আমিনুল হক পলাশ, মোহাম্মদ আলী সিদ্দিক, আবু ওবাইদাহ আরিন এবং শাহ মো. বখতিয়ার।

রাজনীতিতে যুক্ত হওয়ার পর এই প্রথমবার শেখ হাসিনা ও সাকিব আল হাসান একই আন্তর্জাতিক ভার্চুয়াল প্ল্যাটফর্মে অংশ নিচ্ছেন। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব। তবে ওই বছরের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর সংসদ বিলুপ্ত হলে তার সংসদ সদস্য পদও বিলুপ্ত হয়।

রাজনৈতিক পটপরিবর্তনের পর দীর্ঘ সময় দেশের বাইরে অবস্থান করা সাকিব আল হাসান রাজনৈতিক বিষয়ে প্রকাশ্যে খুব কম মন্তব্য করেছেন। ফলে শেখ হাসিনার সঙ্গে একই প্যানেলে তার অংশগ্রহণ নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।

আয়োজক সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে শেখ হাসিনা তার দেশে ফেরার পরিকল্পনা ও ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে বক্তব্য দিতে পারেন। তবে তিনি সরাসরি উপস্থিত না থেকে অডিওর মাধ্যমে যুক্ত হবেন বলে জানিয়েছেন এফসিসি সাউথ এশিয়ার সভাপতি ড. ওয়ায়েল আউয়াদ।

তিনি বলেন, মতপ্রকাশের স্বাধীনতা ও নিরপেক্ষ সাংবাদিকতার নীতির অংশ হিসেবে শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারকে আগেও আমন্ত্রণ জানানো হলেও সাড়া পাওয়া যায়নি বলেও তিনি উল্লেখ করেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-এর তথ্য অনুযায়ী, নয়াদিল্লির মথুরা রোডের স্যার মার্ক টালি অডিটোরিয়ামে ৫ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত এই ভার্চুয়াল সেশন অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকরা অংশ নিতে পারবেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। আগামী ৫ আগস্টের এই আয়োজনকে তার ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম বড় আন্তর্জাতিক উপস্থিতি হিসেবে দেখা হচ্ছে।

Home R3