মিশরে দুই বাংলাদেশিকে অপহরণ করে শিকল দিয়ে বেঁধে নির্যাতন ও মুক্তিপণ দাবির ঘটনায় তিন বাংলাদেশিকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। এক বছরেরও বেশি সময় বিচারিক কার্যক্রম শেষে এ রায় দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার মো. আলাউদ্দিন ওরফে মুসা (৩২), সুনামগঞ্জের মো. আজাদ মিয়া (৩৬) ও সোলায়মান নূর (২৯)।
মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের জুলাইয়ের প্রথম সপ্তাহে চাকরির প্রলোভন দেখিয়ে দুই বাংলাদেশিকে কায়রোর গিজা জেলার বুলাখ আল-ডাকরুর এলাকার একটি বাসায় নেওয়া হয়। সেখানে তাদের শিকল দিয়ে বেঁধে নির্যাতন করা হয়। পরে নির্যাতনের ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে প্রত্যেকের মুক্তির জন্য ৮ লাখ টাকা করে দাবি করা হয়।
৯ জুলাই রাতে স্থানীয় বাংলাদেশিরা তাদের অবস্থান শনাক্ত করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ দরজা ভেঙে বাসায় ঢুকে শিকল বাঁধা অবস্থায় দুইজনকে উদ্ধার করে এবং তিন আসামিকে আটক করে।
বিচার শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তিনজনকেই ৫ বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রায়ের বিষয়টি বাংলাদেশ দূতাবাসকেও জানানো হয়েছে।
স্থানীয় প্রবাসীরা এ রায়ে স্বস্তি প্রকাশ করে বলেন, নতুন বাংলাদেশিদের চাকরির প্রলোভনে ফেলে অপহরণ ও মুক্তিপণ আদায়ের মতো অপরাধ ঠেকাতে আরও কঠোর নজরদারি প্রয়োজন।