দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৬৪৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ হাজার ৬৬৬ জন।
শুক্রবার (৩ জুলাই) দেশটির যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ভূমিকম্পের পর এখন পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং ৮৬ হাজার ১১৭টি পরিবারকে বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হয়েছে। এতে মোট ৮৮৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৮৯টি সম্পূর্ণ ধসে পড়েছে।
উদ্ধারকাজে ৩ হাজার ৩০০-এর বেশি আন্তর্জাতিক উদ্ধারকর্মী অংশ নিয়েছেন। পাশাপাশি কারাকাস সরকার প্রায় ৩০ হাজার কর্মী মোতায়েন করেছে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনায়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, ২৪ জুন দেশটিতে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে আঘাত হানে।
এর মধ্যে ৭.৫ মাত্রার ভূমিকম্পটি ইয়ারাকুই রাজ্যের ইয়ুমারে থেকে ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং ৭.২ মাত্রার ভূমিকম্পটি সান ফিলিপ শহরের ২৩.৯ কিলোমিটার উত্তর-পূর্বে আঘাত হানে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, এ পর্যন্ত মোট ৮৯০টি আফটারশক রেকর্ড করা হয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
সূত্র: আনাদলু এজেন্সি