৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ভূমিকম্পে কেঁপে উঠল ইসরাইল

মিশরে সংঘটিত একটি মাঝারি মাত্রার ভূমিকম্পে ইসরাইলের দক্ষিণাঞ্চল ও ডেড সি এলাকায় কম্পন অনুভূত হয়েছে। বিষয়টি জানিয়েছে জেরুজালেম পোস্ট।

মিশরের ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোনমি অ্যান্ড জিওফিজিক্স জানায়, সোমবার ভোরে সংঘটিত ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৬। এর কেন্দ্র ছিল সুয়েজ শহর থেকে প্রায় ৩৮ কিলোমিটার উত্তরে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মিশরের রেড ক্রিসেন্ট জানায়, যেসব এলাকায় কম্পন অনুভূত হয়েছে সেখানে জরুরি সাড়া দেওয়ার কার্যক্রম চালু করা হয়েছে। জনগণকে কাঠামোগতভাবে ঝুঁকিপূর্ণ ভবন থেকে দূরে থাকার পাশাপাশি সরকারি নির্দেশনা অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে, জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) ভূমিকম্পটির মাত্রা ৫.৪ নির্ধারণ করেছে এবং জানিয়েছে, এটি ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়।

ইসরাইলের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা একটি সতর্কবার্তা পান, যেখানে ভূমিকম্পের মাত্রা ৫.৯ উল্লেখ করা হয়। তবে হোম ফ্রন্ট কমান্ড সেন্টার জানিয়েছে, এ ঘটনায় ইসরাইলে নতুন করে কোনো সতর্কতা জারি করা হয়নি। সংস্থাটি আরও জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সিনাই উপদ্বীপ এলাকায়।

Home R3