ভারতের ৫০ কিলোমিটার ভেতরে ঢুকে গেছে চীনা সেনা: রাজ্য কংগ্রেস সভাপতি

ভারতের অরুণাচল প্রদেশের প্রায় ৫০ কিলোমিটার ভেতর পর্যন্ত ঢুকে পড়েছে চীনের সেনারা—এমন অভিযোগ করেছেন রাজ্যটির কংগ্রেসের সভাপতি ও সাবেক শিক্ষামন্ত্রী বসিরাম সিরাম।

তবে তার এ দাবি প্রত্যাখ্যান করেছেন অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। সীমান্তে চীনের কোনো অনুপ্রবেশ ঘটছে বলে তিনি বিশ্বাস করেন না বলে জানিয়েছেন। দ্য টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

সোমবার বসিরাম সিরাম অভিযোগ করেন, অরুণাচল প্রদেশের আপার সুবানসিরি জেলার বিভিন্ন এলাকায় চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) সদস্যরা অবস্থান নিয়েছে। এ পরিস্থিতিতে সীমান্তের প্রকৃত অবস্থা জানতে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান।

সিরাম বলেন, গত ২৬ থেকে ২৯ আগস্ট তার নেতৃত্বে কংগ্রেসের একটি প্রতিনিধিদল সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করে। ইটানগর থেকে নাচো হয়ে লাইমেকিং ও তাকসিং এলাকায় যান তারা। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন প্রতিনিধিদলের সদস্যরা।

সিরামের দাবি, চীনা সেনারা ভারতের ভূখণ্ডের ৪০ থেকে ৫০ কিলোমিটার ভেতরে অগ্রসর হয়েছে। পাহাড়ের উঁচু এলাকাগুলোতে তাদের অবস্থান রয়েছে। তিনি বলেন, ‘চীনা সেনারা ইতোমধ্যে ভারতের ভূখণ্ডের ৪০ থেকে ৫০ কিলোমিটার ভেতরে চলে এসেছে। বিভিন্ন জায়গায় তারা অবস্থান করছে। পাহাড়ের চূড়ায় তাদের দেখা যায়, আর আমরা রয়েছি নিচে।’

Home R3