১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ভারতীয় সেনাঘাঁটি থেকে ৫ রাইফেলসহ বিপুল অস্ত্র ও গোলাবারুদ চুরি

ভারতের তেলেঙ্গানা রাজ্যের সেকেন্দ্রাবাদের একটি অত্যন্ত সুরক্ষিত সেনাঘাঁটি থেকে পাঁচটি অ্যাসল্ট রাইফেল, সাতটি পিস্তল, ২১টি ম্যাগাজিন ও বিপুল গোলাবারুদ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার বরাতে জানা যায়, সেকেন্দ্রাবাদ সেনানিবাসের বল্লারামে মাদ্রাজ রেজিমেন্টের অস্ত্রাগারে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। সোমবার (৩১ আগস্ট) সকালে নিয়মিত কার্যক্রমে অস্ত্রাগার বা ‘কোটে অ্যান্ড ব্যাটালিয়ন ম্যাগাজিন’ খোলার সময় দরজার তালা ভাঙা অবস্থায় পাওয়া যায় এবং বিষয়টি প্রথম নজরে আসে। মাদ্রাজ রেজিমেন্টের এক লেফটেন্যান্ট কর্নেলের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা নথিভুক্ত করেছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ঘটনার আগে ৩০ আগস্ট সন্ধ্যা পর্যন্ত অস্ত্রাগারের নথিপত্র ও মজুত ঠিক ছিল। ফলে ওই সময়ের পরই কোনো এক ফাঁকে চুরির ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনা জানাজানি হওয়ার পরপরই পুরো এলাকা সিলগালা করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে ইতিমধ্যে উচ্চপর্যায়ের অভ্যন্তরীণ তদন্ত শুরু করা হয়েছে। অস্ত্রাগারের রেজিস্ট্রার যাচাইয়ের পাশাপাশি যাদের ওই এলাকায় প্রবেশের অনুমতি ছিল, তাদের চিহ্নিত করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

চুরি হওয়া স্বয়ংক্রিয় অস্ত্র ও গোলাবারুদ কোনো অপরাধ চক্রের হাতে যাওয়া বা নাশকতামূলক কাজে অপব্যবহারের আশঙ্কা প্রকাশ করেছে সংশ্লিষ্ট সেনা ইউনিট। ঘটনার সুষ্ঠু তদন্তে স্থানীয় পুলিশ ও তদন্ত সংস্থাকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে সেনাবাহিনী।

সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া

Home R3