৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক

বাড়তি নম্বরের বিনিময়ে কুপ্রস্তাব; বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বিরুদ্ধে ১১ শিক্ষার্থীর অভিযোগ

বাড়তি নম্বরের বিনিময়ে কুপ্রস্তাব; বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বিরুদ্ধে ১১ শিক্ষার্থীর অভিযোগ

অতিরিক্ত নম্বর পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ছাত্রীদের অনৈতিক কুপ্রস্তাব দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে ভারতের খ্যাতনামা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) এক অধ্যাপকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী অন্তত ১১ জন শিক্ষার্থী লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ জমা পড়ার পর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অভিযোগ কমিটি (আইসিসি) বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বিশ্ববিদ্যালয় সূত্রের বরাতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, ঘটনাটির সূত্রপাত চলতি বছরের মে মাসের প্রথম সপ্তাহে। সে সময় মৌখিক পরীক্ষা (ভাইভা) চলাকালে অভিযুক্ত ওই অধ্যাপক শিক্ষার্থীদের উদ্দেশে যৌন ইঙ্গিতপূর্ণ ও আপত্তিকর কথাবার্তা বলেন। পরবর্তী সময়ে মে মাসের দ্বিতীয় সপ্তাহে এক শিক্ষার্থী সহপাঠীদের একটি অনানুষ্ঠানিক হোয়াটসঅ্যাপ গ্রুপে নিজের সেই তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেন। এর পরপরই আরও বেশ কয়েকজন শিক্ষার্থী একই অধ্যাপকের বিরুদ্ধে অনুরূপ আচরণের অভিযোগ সামনে আনেন।

অভিযোগে বলা হয়েছে, পরীক্ষায় বাড়তি নম্বর পেতে হলে তার অনৈতিক প্রস্তাবে রাজি হতে হব, শিক্ষার্থীদের স্পষ্ট ভাষায় এমন ইঙ্গিত দিয়েছিলেন ওই শিক্ষক। বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভের মুখে মে মাসের শেষভাগে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অভিযোগ কমিটির (আইসিসি) কাছে ১১ জন শিক্ষার্থী আনুষ্ঠানিক অভিযোগ জমা দেন। আইসিসি ইতিমধ্যে কয়েক দফায় শিক্ষার্থীদের বক্তব্য রেকর্ড করেছে। তবে প্রায় ৪৫ দিনের সেমিস্টার ছুটির কারণে প্রক্রিয়াটি কিছুটা ধীরগতির হলেও জুলাইয়ের মাঝামাঝি ক্লাস শুরু হওয়ার পর তদন্ত আবার জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, জেএনইউতে শিক্ষকদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে জাপানি দূতাবাসের এক নারী কর্মকর্তাকে যৌন নিপীড়নের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইন্টারন্যাশনাল স্টাডিজের জ্যেষ্ঠ অধ্যাপক স্বরণ সিংকে বরখাস্ত করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অডিও রেকর্ডসহ অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২৫ সালের এপ্রিলে নির্বাহী পরিষদের সিদ্ধান্তে তাকে চাকরিচ্যুত করা হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার নিজ শিক্ষার্থীদের শ্লীলতাহানির অভিযোগে ফের কাঠগড়ায় দাঁড়ালেন প্রতিষ্ঠানটির আরেক অধ্যাপক।

Home R3