ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘খুনি’ ও ‘গণহত্যাকারী’ আখ্যা দিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, বর্তমান প্রেক্ষাপটে নেতানিয়াহু সত্যিকার অর্থে মানুষের পর্যায়ে পড়েন না।
সোমবার (৩১ আগস্ট) ইস্তাম্বুলে ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’র আওতায় গঠিত কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির প্রথম বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
হাকান ফিদান বলেন, “মানবতা, আন্তর্জাতিক সম্প্রদায় ও নিরাপত্তার অভিন্ন শত্রুতে পরিণত হওয়া নেতানিয়াহু একজন খুনি এবং একজন গণহত্যাকারী। এই পর্যায়ে সে সত্যিকার অর্থে একজন মানুষ নয়। ফিলিস্তিনি ও মুসলমানদের রক্ত ঝরিয়ে আনন্দ পাওয়া এই খুনিকে এখনই থামাতে হবে।”
তুরস্ককে ইসরায়েল কর্তৃক ‘কৌশলগত হুমকি’ হিসেবে চিহ্নিত করার প্রসঙ্গে তিনি জানান, নির্বাচনী প্রক্রিয়ার অংশ হিসেবে নেতানিয়াহু ও তার সমর্থকেরা তুরস্কের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য বাড়িয়ে দিয়েছে। তিনি বলেন, “তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানসহ কয়েকজন তুর্কি কর্মকর্তাকে লক্ষ্য করে ইসরায়েলি প্রশাসন অবস্থান নিয়েছে, যা আমরা শুরু থেকেই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।”
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, নেতানিয়াহু ও তার দোসররা শুধু তুরস্কের জন্য নয়, বরং পুরো বৈশ্বিক নিরাপত্তার জন্যই বড় ধরনের হুমকি। এটিকে শুধু নির্দিষ্ট একটি দেশের সমস্যা ভাবলে ভুল হবে। নেতানিয়াহুকে রুখতে আন্তর্জাতিক সম্প্রদায় ও বৈশ্বিক সংস্থাসমূহকে তাদের দায়িত্ব সঠিকভাবে পালনের আহ্বান জানান তিনি।
ফিদান আরও উল্লেখ করেন, নেতানিয়াহুর কর্মকাণ্ড ও বক্তব্য প্রমাণ করে যে তিনি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং মধ্যপ্রাচ্যে অবৈধ দখলদারিত্বের অবসান চান না। বরং তিনি দখলদারিত্ব ও গণহত্যার ধারাবাহিকতা বজায় রেখে আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তাকে গভীর সংকটের দিকে ঠেলে দিচ্ছেন। এই বিপজ্জনক আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক ব্যবস্থাকে ঐক্যবদ্ধ লড়াই করার আহ্বান জানান তিনি।
সূত্র: আনাদোলু এজেন্সি