জার্মানির ক্ষেপণাস্ত্র হামলায় পারমাণবিক যুদ্ধের ঝুঁকি, উদ্বিগ্ন ফ্রান্স

ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধের মধ্যেই জার্মানির দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ফ্রান্স।

দেশটির আশঙ্কা, রাশিয়ার বিরুদ্ধে প্রচলিত অস্ত্র দিয়ে জার্মানি কোনো হামলা চালালে তা থেকে পরিস্থিতি ক্রমেই পারমাণবিক যুদ্ধের দিকে গড়াতে পারে।

এ কারণে সম্ভাব্য সংঘাতের ক্ষেত্রে জার্মানি কীভাবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে, সে বিষয়ে স্পষ্ট অবস্থান জানতে চেয়েছে প্যারিস।

ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে ইউরোপের দুই দেশের কর্মকর্তাদের বরাত দিয়ে এসব তথ্য জানানো হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদনে বলা হয়, মস্কো বারবার দাবি করে আসছে, পশ্চিম ইউরোপের দেশগুলোর বিরুদ্ধে তাদের কোনো আগ্রাসী পরিকল্পনা নেই। তবে ন্যাটো যদি প্রথমে হামলা চালায় কিংবা জোটের সদস্যরা ইউক্রেনে সেনা মোতায়েন করে, তাহলে তাদের সঙ্গে সংঘাতের পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে রাশিয়া।

বুধবার প্রকাশিত ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়, জার্মানির দূরপাল্লার হামলার সক্ষমতা ব্যবহারের নীতির সঙ্গে ফ্রান্সের পারমাণবিক কৌশলের সমন্বয় করতে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। সম্ভাব্য রাশিয়া-ন্যাটো সংঘাতে জার্মানির ক্ষেপণাস্ত্র ব্যবহারের ধরন এবং এর সম্ভাব্য পরিণতি নিয়ে ফ্রান্সের উদ্বেগই এ আলোচনার মূল কারণ।

Home R3