৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন ড. খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আগামী ৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে তিনি এই বৈশ্বিক শীর্ষ পদের দায়িত্বভার গ্রহণ করবেন।

জাতিসংঘ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ৮১তম অধিবেশন শুরু হতে যাচ্ছে। পরবর্তীতে ২২ সেপ্টেম্বর সদস্য রাষ্ট্রগুলোর শীর্ষ রাষ্ট্র ও সরকারপ্রধানদের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক পর্ব। পুরো অধিবেশনজুড়ে সভাপতির মূল দায়িত্ব পালন করবেন ড. খলিলুর রহমান।

এর আগে গত ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত নির্বাচনে সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিদের গোপন ব্যালট ভোটে তিনি ইউএনজিএ-এর সভাপতি নির্বাচিত হন। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ওই নির্বাচনে সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে আট ভোটের ব্যবধানে পরাজিত করে জয়লাভ করেন বাংলাদেশের এই অভিজ্ঞ কূটনীতিক।

এর মধ্য দিয়ে চার দশক পর আবারও কোনো বাংলাদেশি বিশ্বের বৃহত্তম বহুপাক্ষিক ফোরামটির সভাপতির পদে আসীন হতে যাচ্ছেন। এর আগে ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও বিশিষ্ট রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী। দীর্ঘ ৪০ বছর পর ড. খলিলুর রহমানের এই দায়িত্ব গ্রহণ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য এক অনন্য গৌরব ও ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

Home R3