৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

খুনোখুনি পছন্দ নয়  ট্রাম্পের, চুক্তিতে চান ইরানের সঙ্গে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাতের পরিবর্তে কূটনৈতিক চুক্তির মাধ্যমে সংকট সমাধান করতে চান তিনি। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

পারস্য উপসাগরীয় অঞ্চলের চলমান উত্তেজনা, সম্ভাব্য সামরিক পদক্ষেপ এবং আসন্ন আলোচনা প্রসঙ্গে ট্রাম্প বলেন, তিনি মানুষ হত্যা করতে চান না, বরং একটি সমঝোতায় পৌঁছানোই তার অগ্রাধিকার।

তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ মধ্যস্থতায় আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। ট্রাম্পের মতে, যুদ্ধ হলে তা ইরানের জন্য বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারত। তবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং ইরানের পক্ষ থেকে যোগাযোগের পর সম্ভাব্য চুক্তির পথ তৈরি হওয়ায় আপাতত সামরিক অভিযান স্থগিত রাখা হয়েছে।

সম্ভাব্য চুক্তির শর্ত হিসেবে হরমুজ প্রণালির পূর্ণ উন্মুক্তকরণ এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিরস্ত্রীকরণের অগ্রগতির বিষয়টি উল্লেখ করেন তিনি। যদিও আলোচনার জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি, তবুও প্রয়োজন হলে সামরিক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি রয়েছে বলেও জানান ট্রাম্প।

আঞ্চলিক মধ্যস্থতাকারীদের মাধ্যমে হরমুজ প্রণালিতে চলমান নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কূটনৈতিক প্রচেষ্টার প্রেক্ষাপটে ট্রাম্পের এই বক্তব্য এসেছে।

সূত্র: গালফ নিউজ

Home R3